 |
নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের lদায়ে ধারাবাহিক অভিযানে সেপ্টেম্বর মাসে দেশের ৮ জেলায় ৫২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তম্মধ্যে ৩ কোটি ৯৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এ সময় ৮টি অবৈধ শিল্প কারখানা বন্ধ এবং ৪টি অবৈধ ইটভাটা অপসারণের আদেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, শীতলক্ষ্যা, মেঘনা ও তুরাগ নদ দূষণ, ঢাকা মহানগর ও সাভার এলাকায় শব্দদূষণ ও বায়ুদূষণ, গাজীপুরে কৃষি জমি ভরাট, অবৈধ আবাসন প্রকল্প এবং অবৈধ বাণিজ্যিক ভবন তৈরির বিরুদ্ধে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ ও ময়মনসিংহে এসব অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এসব অভিযান পরিচালনা ও সমন্বয় করেন। সেপ্টেম্বর মাসে যেসব বৃহৎ শিল্পগোষ্ঠীকে পরিবেশ দূষণ ঘটানোর দায়ে দণ্ডিত করা হয়েছে, এর মধ্যে রয়েছে- প্রাণ গ্রুপ, আকিজ গ্রুপ, ওরিয়ন গ্রুপ, ফু-ওয়াং, বেক্সিমকো গ্রুপ, জাপান গার্ডেন সিটি ইত্যাদি।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডাইং কারখানা ১০টি, সিরামিক কারখানা ২টি, গ্লোভস কারখানা ১টি, তামাক ফ্যাক্টরি ১টি, ওয়াশিং কারখানা ১টি, ইটভাটা ৭টি, আবাসন প্রকল্প ১টি, পেপার মিল ১টি, বহুতল ভবন ২৭টি, ফার্মাসিউটিক্যাল ১টি।
এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, “অব্যাহত অভিযান চালিয়ে দূষণ বন্ধে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এনফোর্সমেন্ট অভিযানে ইটিপি বন্ধ রাখা, চোরাই পথে বর্জ্য ফেলাসহ বহুমাত্রিক অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ছে। এসব ঘটনায় প্রমাণিত হয়, উদ্যোক্তারা অতি মুনাফার লোভে পরিবেশ ধ্বংস করছে। শাস্তিমূলক ব্যবস্থার পর উদ্যোক্তাদের নিয়মিত মনিটরিংয়ের আওতায় রাখা হচ্ছে, যেন তারা দূষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসে।”
বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২
তানভীর হোসেন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর