অ্যান্ড্রো গ্যারিফিল্ড ও ইম্মা স্টোন অভিনীত ও মার্ক ওয়েব পরিচালিত হলিউডের ছবি ‘দি অ্যামেইজিং স্পাইডারম্যান’ ঝড় তুলেছে বলিউডের বক্স অফিসে। সনি পিকচারস ইন্ডিয়ার মাধ্যমে ভারতে মুক্তি পাওয়া এ ছবিটি একের পর এক গড়ে তুলেছে রেকর্ড।
‘দি অ্যামেইজিং স্পাইডারম্যান’ ভারতে মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ২৭ কোটি রূপি। কোনো বিদেশী ছবির ক্ষেত্রে বলিউডের বক্স অফিসের ইতিহাসে এতো বিশাল অংকের আয় বিরল।
অন্যদিকে বলিউডে সদ্য মুক্তিপ্রাপ্ত বিধূ বিনোদ চোপড়ার ‘ফেরারি কি সাওয়ারি’ ছবিটি প্রথম তিন সপ্তাহে আয় করেছে সমপরিমান ২৭ কোটি রূপি। কুনাল কোহেলির ‘তেরি মেরি কাহানী’ ছবিটি প্রথম সপ্তাহে আয় করেছে ২৪ কোটি রূপি। আর ডিবাকর ব্যানার্জির ‘সাংহাই’ ছবিটির আয় তিন সপ্তাহে মাত্র ২৫ কোটি রূপি।
‘দি অ্যামেইজিং স্পাইডারম্যান’ ছবিটি সর্ম্পকে সনি পিকচারস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্সি ডারুওয়ালা বলেন, ‘ছবিটি ভারতীয় বক্স অফিসে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে।বলিউডে গত পাঁচ বছরে বিদেশী কোনো ছবি এতোটা সাফল্য পায় নি।
তিনি আরও বলেন, এখনও ছবিটি ভারতের অনেকেই দেখেননি। তবে ছবিটি সম্পর্কে অনেকের মধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। আর তাই ‘দি অ্যামেইজিং স্পাইডারম্যান’ বলিউড সিনেমা হলগুলোতে আরও বেশ কয়েক সপ্তাহ ধরে টানা চলবে।
বাংলাদেশ সময় ১৬৪০, জুলাই ০৮, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।