ঢাকা: খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে বাস ড্রাইভার বদরকে পুড়িয়ে হত্যা মামলায় ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও বিএনপি নেতা আব্দুল মতিনের ১ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুর সোয়া ১টায় মহানগর হাকিম অমিত কুমার দে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। তবে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু’র বিরুদ্ধে রিমান্ড আবেদন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন খিলগাঁও এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে রাখা ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় বাসের ড্রাইভার বদর আলী পুড়ে মারা যান। হেলপার মোতালেব আহত হয়।
ঘটনার দিনই খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ খান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর