 |
| ছবি: নয়ন কুমার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: চাকরি জাতীয়করণের দাবি মেনে না নিলে লাগাতার অনশনে যাবেন আন্দোলনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা।
মঙ্গলবার সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তেজগাঁওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওয়ানা দেবেন কয়েক হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষক।
এ প্রসঙ্গে দুপুর ১২টায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব আব্দুর রহমান বাচ্চু বাংলানিউকে বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার পথে বাধা দেওয়া হলে আমরা রাস্তাতেই অবস্থান নেবো।’
এছাড়া দাবি মানা না হলে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনশনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পৃথক চারটি সংগঠন সোমবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় রাতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর