চট্টগ্রাম : হিন্দু বিবাহ নিবন্ধন (রেজিস্ট্রেশন) আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধন চলাকালে হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার আহ্বায়ক অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপদেষ্টা অধ্যক্ষ মিলন দেবনাথ, তপন কান্তি দাশ, সদস্য সচিব রিপম দাশ, হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক জুয়েল নাথ, সদস্য সচিব অভিজিৎ বিশ্বাস, যুব জোটের আহ্বায়ক রিপন দাশ ও বলভদ্র অনুগা।
হিন্দু বিবাহকে বেদের দশ বিধি সংস্কারের অন্যতম উল্লেখ করে বক্তারা বলেন, হিন্দু বিবাহ শুধু শারীরিক সম্পর্কের চুক্তি নয়। এর মাধ্যমে একজন নারী গোত্রান্তরিত হয়ে অন্য পরিবারের স্থায়ী সদস্যপদ লাভ করেন। ফলে স্বামীর অবর্তমানে পরিবারের কর্তা নারীর ভরণপোষণ দিতে বাধ্য থাকেন। নিবন্ধন পদ্ধতি চালু হলে বিবাহ সম্পর্ক দুইটি নর-নারীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে। এতে নারী স্বামীর পরিবারের স্থায়ী পদ থেকে বঞ্চিত হবেন।
বক্তারা আশঙ্কা করে বলেন, এখন নিবন্ধন ঐচ্ছিক বলা হলেও পরে পাসপোর্ট, চাকরি, মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধ্যতামূলক করা হবে। নিবন্ধন শুরু হলে বিচ্ছেদও বেড়ে যাবে।
সংসদের চলতি অধিবেশনে হিন্দুরা বিবাহে তালাক প্রথা রাখবেন কি না এ বিষয়ে মহিলা সাংসদ তারানা হালিমের বক্তব্যেরও নিন্দা জানান হিন্দু মহাজোটের নেতারা।
তারা সরকারকে হিন্দু বিবাহ নিবন্ধন আইন করার অপচেষ্টা থেকে বিরত থাকার দাবি জানান। নয়তো তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, জুন ০১, ২০১২
এআরএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর