 |
ঢাকা: ভারতে পেট্রোলের দাম নতুন করে আবারও বাড়ানো হলো। এবার প্রতি লিটারে দাম বাড়লো সাড়ে সাত রুপি। পেট্রোলের এই মূল্য বৃদ্ধি বুধবার দিবাগত মধ্যরাত থেকে কার্যকর হবে।
তেলের দাম বৃদ্ধির ব্যাপারে ভারতের তেলমন্ত্রী জয়পাল রেড্ডির মন্তব্যের একদিন পর অনেকটা আকস্মিকভাবে এই মূল্যবৃদ্ধি ঘোষণা করা হলো। এর আগে গত মঙ্গলবার জয়পাল রেড্ডি জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি অপরিহার্য। তবে কবে মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেওয়া হবে সে সম্পর্কে কিছু না জানালেও, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তখন জানিয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম পড়ে যাওয়ায় সরকারকে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হলো বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
ভারতে সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে পেট্রোলের দাম বাড়ানো হয়েছিলো। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোল বিক্রি হয় ৬৫.৬৪ রুপিতে। মূল্য বৃদ্ধির ফলে এর দাম পড়বে ৭৩.১৪ রুপি।
এদিকে ভারতের বামদলগুলো সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে এর ফলে জনসাধারণের দুর্গতি আরও বাড়বে।
বাংলাদেশ সময়:১৯১৮ ঘণ্টা, মে ২৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর