 |
ওস্তাদ আলাউদ্দিন খাঁকে উৎসর্গ করে ২৯ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে চারদিনের উচ্চাঙ্গসংগীত উৎসব। উৎসবের প্রথম থেকে চতুর্থ দিনটি উৎসর্গ করা হয়েছে ওস্তাদ বিলায়েৎ খাঁ, পণ্ডিত উদয় শঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ ও ওয়াহিদুল হককে।
২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় এ উচ্চাঙ্গসংগীত উৎসব। ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি এসআর এ উৎসবের আয়োজন করেছে।
উৎসবে আসবেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ আলী আহমেদ হোসাইন, ওস্তাদ শাহাদাৎ হোসাইন, পণ্ডিত রাজন ও সাজন মিশ্র, ওস্তাদ শাহিদ পারভেজ, কৌশিকা দেশিকান, আলারমেল ভাল্লি প্রমুখ।
এ উচ্চাঙ্গসংগীত উৎসবে প্রায় ১০০জন সংগীত ও নৃত্যশিল্পী অংশগ্রহণ করবেন। ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় উৎসব উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনিসুজ্জামান। এতে বক্তব্য রাখবেন আইটিসি এসআর এর নির্বাহী পরিচালক রবি মাথুর ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। উৎসবের প্রথম দিনটা উৎসর্গ করা হয়েছে ওয়াহিদুল হককে।
দ্বিতীয় দিন ৩০ নভেম্বর বিকেল ৫টায় উৎসব উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উৎসবের দ্বিতীয় দিন উৎসর্গ করা হয়েছে ওস্তাদ বিলায়েৎ খাঁকে।
১ ডিসেম্বর উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠান উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী এবং অভিনেত্রী শাবানা আজমি। ফজলে হাসান আবেদ এ দিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। তৃতীয় দিনের আয়োজন উৎসর্গ করা হয়েছে পণ্ডিত উদয় শঙ্করকে।
উৎসবের শেষ দিনের উদ্বোধন করবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। শেষ দিনটা উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলী আকবর খাঁকে।
বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
গোরা