ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদের পাঠানো ই-মেল বার্তায় বাংলানিউজকে এ বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় সময় ৪ জুলাই বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন।
শুরুতে রেজোয়ানা চৌধুরী বন্যাকে ফুল দিয়ে বরণ করে নেন মিসেস সেলিনা মোমেন এবং ফেরদৌস আরাকে ফুল দিয়ে বরণ করে নেন ডোরা শাব্বির আহ্মদ চৌধুরী।
সঙ্গীতানুষ্ঠান শেষে দু’শিল্পীকে মিশনের পক্ষ থেকে উপহার ও সম্মানী প্রদান করা হয়। ধন্যবাদ বক্তৃতা করেন কনসাল জেনারেল শাব্বির আহামেদ চৌধুরী।
বাংলাদেশ মিশন ও কনসুলেট জেনারেল অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ০৯৪০ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর