 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রোববার দুর্ঘটনা প্রতিরোধের জন্য গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিক্ষুব্ধ জনতা দুপুরে থেকে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
এ সময় সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় জনদুর্ভোগ।
গত শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের গেইটের সামনে অটোবাইকের চাপায় কসুম উদ্দিন (৫৫) নামে এক চা বিক্রেতা মারা যান।
এর জের ধরে গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ কলেজ গেইট ও শিমুলতলি এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে এলাকাবাসী।
পরে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবিলম্বে গতিরোধক নির্মাণের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর