আগরতলা (ত্রিপুরা): মঙ্গলবার থেকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন।
সার্ভিস ভোটারদের গণতান্ত্রিক অধিকারও গুরুত্বপূর্ণ। যেকোনো প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন সার্ভিস ভোটাররা। ডান- বামসহ প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীই সার্ভিস ভোটের দিকে গুরুত্ব দিয়েছেন।
রাজ্যের ২৩টি মহকুমায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া। এ প্রক্রিয়া চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ।
সব মিলিয়ে রাজ্যে প্রায় ৫০ হাজার ভোটকর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন বলে জানা গেছে।
ভোটদান প্রক্রিয়ার জন্য রাজ্য নির্বাচন দফতর থেকে সব ধরণের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
সদর মহকুমার ভোটকর্মীদের ভোটদান প্রক্রিয়া মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। প্রায় তিন হাজার ভোটকর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
ভোটকর্মীদের ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন দফতর থেকে পৃথক ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।
ভোটদান প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রথম দিনেই ভোটকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
েআগামী ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ ভোট গণনার দিন ভোটকর্মীদের ব্যালট পেপারগুলি রিটার্নিং অফিসারের উপস্থিতিতেই গণনার জন্য গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর,