 |
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরসতিপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৭ জন আহত হয়েছেন। এ সময় তারা তারাবীর নামাজ আদায় করছিলেন।
নিহতদের মধ্যে মসজিদের ইমাম রয়েছেন। তার নাম সাহাব উদ্দিন।
অন্যান্য নিহতরা হলেন- মানিক (৫০), গফুর (৬৫), তাহের আলী (৬০), রিপন (২৫), হযরত আলী (২৫), নজরুল (৫৫), নূর ইসলাম (৫৫), মোসলেমিন (২৫), নুরুল ইসলাম(৫০), বাদশা(১৫), আনোয়ার হোসেন(২৫) ও আব্দুস সালাম(২৯)।
ইউপি চেয়ারম্যান মহসিন আহমদ বাংলানিউজকে জানান, তারাবীর নামাজ পড়ার সময় হঠাৎ বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) জাফর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে ধর্মপাশা থানা থেকে পুলিশ রওয়ানা দিয়েছে।
সরসতিপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম বাংলানিউজকে জানান, আহত ৬ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বাংলানিউজকে মোবাইল ফোনে ১৩ জন নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর/এমএমকে