 |
| ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মালদ্বীপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখা।
রাজধানী মালের হুলোমালের একটি পর্যটন এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, লন্ডন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অস্ট্রেলিয়া থেকে বিএনপি অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মো. মোসলেহউদ্দিন আরিফ প্রমুখ।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন করায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে বানোয়াট মামলা ও এবং সাহসী বক্তব্য রাখায় গণমানুষের কন্ঠস্বর দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার একনায়কতন্ত্র গঠন করতে চাইছে।
কিন্তু বাংলাদেশসহ সারাবিশ্বে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ সৈনিকরা শেখ হাসিনা সরকারের স্বপ্ন কোনো দিন পূরণ হতে দেবে না।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাকশালী কায়দা এই সরকার যদি অবিলম্বে নিঃশর্তভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ বিএনপির সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করে, তাহলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।”
বক্তারা বলেন, “বিচারের নামে বর্তমান সরকার যে অন্যায় অত্যাচার করছে তা জনগণ মানবে না।”
বিএনপি মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সভাপতি মো. নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. কামাল হোসেন,, মো. কাইয়ুম, মো. মাছুম খান, মো. মোশারফ হোসেন, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহ আলম, মো. আলমগীর হোসেন, মো.আমির রাহায়ন, সহ-সাংগঠনিক মো. শহিদুল্লাহ, তথ্য সম্পাদক মো.আবু তাহের, সহকারি প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, আজিজুল হক সবুজ এবং জিসাস মালদ্বীপ শাখার সভাপতি মো. ফয়সাল প্রমুখ।
বাংলাদেশ সময় : ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
মো. এমরান হোসেন তালুকদার/ সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর