সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীম (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলীম সিংচাপইর ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, আব্দুল আলীম বুধবার রাতের খাবার খেয়ে পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি সামনের বড়ই গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আলীমের লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের ফাঁকি দিয়ে গলায় রশি দিয়ে বড়ই গাছের ডালে ফাঁস লাগান তিনি।
এবিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বাংলানিউজকে জানান, আলীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর