ঢাকা: একাত্তরের ঘাতক-দালাল-যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার।
এ উপলক্ষে এদিন বিকেল ৪টায় গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক বাংলাদেশের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের সমন্বয়ক আবু বকর রিপনের সভাপত্বিতে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হাসান রুবেল, রেবেকা নীলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চাইলেও বর্তমান সরকার এ নিয়ে তালবাহানা করছে। তারা এটাকে একটা আইনী বিষয়ে পরিণত করেছে এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
নেতৃবৃন্দ দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে তা কার্যকর করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর