 |
কাপাসিয়া(গাজীপুর) থেকে: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন খান ও কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদল নির্বাচন প্রত্যাখ্যান করতে পারেন। আজ রোববার সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই তাদের কথাবার্তায় নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে আভাস পাওয়া যাচ্ছিলো।
এ নিয়ে দুপুরের পর তারা জরুরি বৈঠকে বসছেন বলে জানিয়েছে তাদেরই ঘনিষ্ঠ সূত্র।
সূত্রমতে, নির্বাচন প্রত্যাখ্যান বিষয়ে ঐক্যমতে পৌঁছুতে বৈঠকে বসেছেন তারা। বৈঠক শেষে তারা দু’জন যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন।
এদিকে বেলা ১২টা থেকে তুমুল বৃষ্টি শুরু হওয়ায় ভোট কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। বেলা ২টার দিকে বৃষ্টি কমে এলেও ভোটার উপস্থিতি তেমন একটা বাড়ে নি।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ৮-২০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে গড়ে ব্যালট বাক্সে জমা পড়া ভোটের পরিমাণ ৮-১০ শতাংশের বেশি নয়।
উল্লেখ্য, এ নির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থী একই পরিবারের। সম্পর্কে চাচা-ভাতিজী। আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোরগ প্রতীকে লড়ছেন তাজউদ্দীনের ভাই আফসারউদ্দীন আহমদ খান।
এ ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী হিসেবে আসাদুল্লাহ বাদল কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
আরএম/এমইউএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com