 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেনের পরিমাণও অন্যদিনের তুলনায় উল্লেখযোগ্য।
এর আগে চলতি সপ্তাহের প্রথম দিনে লেনদেনে বড় ধরনের ধস নামে। এতে ডিএসইর উদ্যোগে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়। এরই পরিপ্রেক্ষিতে লেনদেনে ধসের কারণ সনাক্ত করে চলমান অবস্থা থেকে উত্তরনের জন্য কিছু প্রস্তাবনা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়। এছাড়া ডিএসইর সভাপতি রকিবুর রহমান মৌখিক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে শেয়ার কেনা ও লেনদেনে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছেন। এতে লেনদেন আবারও গতি ফিরে পেয়েছে।
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর থেকে সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক ৭ পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ১১ পয়েন্ট বাড়ে, ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা ১১টায় সূচক ১১ পয়েন্ট বাড়ে, সাড়ে ১১টায় সূচক ১৬ পয়েন্ট বাড়ে, দুপুর ১২টায় সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ১৮২ পয়েন্টে।
দুপুর ১২টায় ডিএসইতে ১৯০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
বুধবার দুপুর ১২টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- ডেল্টা স্পিনিং, জেনারেশন নেক্সট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, ম্যাকসন স্পিনিং, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং এবং গ্রামীণ ফোন।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল, ম্যাকসন স্পিনিং, সমরিতা হসপিটাল, নর্দান ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, এ্যারামিট সিমেন্ট, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১২৪ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএনএইচ/জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর