 |
ঢাকা: আগামী ১ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন কাজ শুরু হচ্ছে। এই কাজ শেষ করতে সময় লাগবে ২১ মাস।
এ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫৩০ কোটি টাকা। এর মধ্যে ডেনমার্ক দিচ্ছে ৪৪৫ কোটি টাকা এবং বাকি ৮৫ কোটি টাকা দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২০০৮ সালে জুলাইয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ প্রকল্পটি পাস হয়। এ ব্যাপারে ওই বছরের ৬ নভেম্বর ডেনমার্ক ও বাংলাদেশ সরকারের চুক্তি হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে এর ব্যয় ২২৮ কোটি টাকা বেড়ে যায়। ডেনমার্ক অতিরিক্ত অর্থ দিতে রাজি হওয়ায় প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ছাড়াও ডেনমার্কের নির্মাতা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের কাজ সম্পন্ন করবে ডেনমার্কের ঠিকাদারি প্রতিষ্ঠান মুংক এসফল্ট এবং এ কাজের ডিজাইন ও সুপারভিশনের দায়িত্ব পালন করছে ডেনমার্কের কনসালটিং প্রতিষ্ঠান র্যাম্বল। এ কাজের ফলে বিমানবন্দরের ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধি এবং ট্যাক্সিওয়ে ক্যাটাগরি কোড লেটার ডি হতে ই তে উন্নীত হবে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর