নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৬০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- দিনাজপুরের বিরগঞ্জ উপজেলার মাজেদুল ইসলাম, মারুফ ওরফে পুতুল, কাহারোল উপজেলার আপেল ওরফে পারভেজ, নীলফামারীর সৈয়দপুর উপজেলার জনি ওরফে গুড্ডু ও একই উপজেলার মোহাম্মদ আলী ওরফে লাল। এদের মধ্যে মোহাম্মদ আলী ওরফে লাল একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি।
বৃহস্পতিবার দুপুরে শহরের মৃধাপাড়ার মহুয়াগাছতলা এলাকায় একটি পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে পুরিয়া তৈরির সময় পুলিশ তাদের আটক করে।
পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, মাটির নিচ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে খামারের মালিক আব্দুল মালেক পালিয়ে গেছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর