সিলেট: সিলেটে ট্রেনে কাটা পড়ে মিরাজ মুন্সি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ ফরিদপুর গ্রাসরুট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শনিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জ রেলওয়ে ব্রিজের মল্লিকপুর অতিক্রম করার সময় মিরাজ হঠাৎ ট্রেন থেকে পড়ে যান| এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে রোববার সকালে রেলওয়ের ফেঞ্চুগঞ্জ মাইগাঁও স্টেশন মাস্টার জালাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেলওয়ে থানা পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে, খবর পেয়ে নিহতের আত্মীয়-স্বজন সিলেট এসে পৌঁছেছে বলে জিআরপি থানা সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর