ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে হামলা করেছে এটিএন বাংলার সংবাদকর্মীরা। এই হামলার নেতৃত্ব দিয়েছেন এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন।
তার সঙ্গে ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শওকত মিল্টন, কেরামতউল্লাহ বিপ্লব, মানস ঘোষ, বিশেষ প্রতিনিধি মাহমুদুর রহমান, রিপোর্টার রাহাত মিনহাজসহ বেশ কয়েকজন।
অথচ নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর-রুনির বিষয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করেছিলেন এই সাংবাদিক (?) জ ই মামুন।
গত ৫ জুন প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে তিনি বলেছিলেন, “মাহফুজুর রহমানের বক্তব্য অরুচিকর”।
মাহফুজুর রহমানের মালিকানাধীন এটিএন বাংলার হেড অব নিউজ হয়েও এমন সাহসী মন্তব্য করায় সাংবাদিকসমাজ সেদিন তার প্রশংসাই করেছিল। একই সঙ্গে এ মন্তব্যের কারণে ‘জ ই মামুনের ওপর আঘাত এলে এটিএন বাংলা বন্ধ করে দেওয়া হবে’ এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেছিলেন তার চাকরি নিয়ে শংকিত সাংবাদিকনেতারা।
তবে ওই মন্তব্যের পর থেকে জ ই মামুন চাকরি হারানোর ভয়ে ছিলেন। আর তাই চাকরি পাকাপোক্ত করতেই রোববার তিনি মাহফুজুর রহমানের পক্ষ নিয়ে সিনিয়র সাংবাদিকদের ওপর পরিকল্পিত হামলার নেতৃত্ব দিলেন।
আজকেই এই ঘটনার পর সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে, জ ই মামুন কিসে বা কত টাকায় নিজেকে বিকোলেন।
জ ই মামুন কেন হঠাৎই এমন ‘দু’মুখো সাপ’ হয়ে উঠলেন --এ নিয়ে সর্বত্র চলছে জল্পনা। তাকে সাংবাদিকসমাজ থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন অনেক সাংবাদিক।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: আহসান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com