 |
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিমান বাঁচাও ঐক্য পরিষদ ও বিমান শ্রমিকলীগ। বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহবায়ক ও বিমান শ্রমিকলীগের সভাপতি মশিকুর রহমানকে শোকজ (কারণ দর্শাও) এর প্রতিবাদে তারা এ আলটিমেটাম দিয়েছে।
ঐক্য পরিষদের নেতারা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শোকজের বিষয়টির সুরাহার সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় আন্দোলনের যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিষদ নেতারা।
বিমানের কোম্পানি সচিব ফজলুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে বৃহস্পতিবার শোকজ করা হয় মশিকুর রহমানকে। ৯৬ ঘণ্টার মধ্যে তাকে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মশিকুর রহমানকে শোকজের প্রতিবাদে সোমবার বিকেলে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদকে শোকজের বিষয়টি সুরাহার অনুরোধ জানায়। এ সময় তারা মঙ্গলবার ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন। নতুবা আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান।
মশিকুর রহমানের নেতৃত্বে বিমান বাঁচাও ঐক্য পরিষদ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। বিমান সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনের দমন করতেই মশিকুর রহমানকে শোকজ করা হয়েছে।
গত ৫ মার্চ থেকে বিমান বাঁচাও ঐক্য পরিষদ জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মার্চ মাস জুড়েই তারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কর্মবিরতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।
আন্দোলনের এক পর্যায়ে ঐক্য পরিষদ নেতারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন। এরই পরিপ্রেক্ষিতে বিমানমন্ত্রী ফারুক খান পরিষদ নেতাদের ডেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট স্থগিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘন্টা, জুলাই ১৬, ২০১২
আইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর