 |
ঢাকা: ‘জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার চ্যালেঞ্জ মোকাবিলা করতে দায়িত্ব নিযেছি। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা এবং অসৎ সাংবাদিকতা নিরুৎসাহিত করার চেষ্টা করবো।’
নতুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রোববার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।
তথ্যমন্ত্রী হিসেবে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা ও অসৎ সাংবাদিকতা নিরুৎসাহিত করা এদু’টিই দু’টি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে দেখেন ইনু। তিনি বলেন, এ দু’টি চ্যালেঞ্জ ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করে যাবো।
ইনু বলেন, “অসত্য, খণ্ডিত তথ্য, অসম্পূর্ণ তথ্য তুলে ধরা নিরুৎসাহিত করতে চাই। মন্ত্রী হিসেবে আমি এ দায়িত্ব পালন করবো।”
সরেজমিনে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা পরিদর্শন করে আগামী সাত দিনের মধ্যে একটি পথনকশা তৈরি করে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে চান ইনু। তিনি বলেন, “জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা ও অসৎ সাংবাদিকতা নিরুৎসাহিত করা এ দু’টিই বড় চ্যালেঞ্জ।”
সাংবাদিকদের উদ্যেশে তিনি বলেন, “এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলা আপনাদেরও করতে হয়। কখনও সরকারের, কখনও আইনের, কখনও সংবাদপত্রের মালিকের, কখনও সমাজের পেশীশক্তির কাছে আপনাদের নির্যাতনের শিকার হতে হয়।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যার বিরুদ্ধে সাংবাদিকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
তিনি বলেন, “সাগর-রুনীর হত্যাকাণ্ডের ঘটনায় যদি তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ও সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তা করবো। মন্ত্রিপরিষদের সহযোগিতার প্রয়োজন হলেও মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে আমি সহযোগিতা করবো।”
সকাল সাড়ে ১১টায় হাসানুল হক ইনু তথ্যমন্ত্রণালয়ে নিজ দফতরে যান। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজদ তাকে শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের কাছে নতুন মন্ত্রীকে সহযোগিতা করার জন্য সংবাদ কর্মীদের আহবান জানান আবুল কালাম আজাদ।
নতুন মন্ত্রী হিসেবে তথ্য মন্ত্রণালয়ে যোগদান করায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরো ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইনুকে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
এসএমএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com