গাজীপুর: বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির টঙ্গি প্রতিনিধি মাসুদ সরকারের গাড়িতে মালামাল লুট ও বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঢাকার উত্তরাস্থ জসিম উদ্দিন স্মরণীর আড়ং শো-রুমের সামনে রক্ষিতে গাড়িতে হামলার ঘটনা ঘটে।
মাসুদ সরকার বাংলানিউজকে জানান, শপিং করে গাড়িতে রেখে গাড়ি লক করে তিনি ব্যক্তিগত কাজে যান। ফিরে এসে দেখেন গাড়ির লক ভাঙ্গা। পরে গাড়ি তল্লাশি করে দেখেন, মাইটিভির মাইক্রোফোন, ক্যামেরা, ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকা এবং গাড়ির কাগজপত্রসহ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এ ব্যাপারে তিনি উত্তরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে ১৪ আগস্ট ভোররাতে মাসুদ সরকারের টঙ্গি থানার গাজীপুরাস্থ বাসায় কে বা কারা হামলা করে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার গ্লাস ভাংচূর করে। এ সময় তিনি কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানান। ওই ঘটনায় তিনি টঙ্গি থানায় বাদী হয়ে একটি জিডি করেন।
মাসুদ সরকারের অভিযোগ, জিডির তদন্ত না হওয়ায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে উত্তরায় গাড়িতে হামলা চালিয়েছে। ফলে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ব্যাপারে টঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ‘‘জিডি হয়েছে। তদন্ত হবে। তবে গুলির কথা আমি জানি না।’’
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
এ কে এম রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর