 |
| ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে পাচারের সময় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ৬ ট্রাক মূল্যবান সেগুন কাঠ এবং এক ট্রাক সেগুন কাঠের ফার্নিচার আটক করেছে র্যাব। একইসঙ্গে কাঠ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
আটক তিনজন হলেন— এনাম, নাদির ও ইউনূস। এরা তিনজনই কাঠের ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এসব কাঠসহ তিনজনকে আটক করেন র্যাবের চান্দগাঁও ক্যাম্পের সদস্যরা।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউল আহসান সরওয়ার বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঠ আটক অভিযানে নেতৃত্বদানকারী র্যাবের চট্টগ্রাম জোনের আরেক উপ-অধিনায়ক লে. কমান্ডার নূরুজ্জামান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে র্যাব কর্মকর্তারা খবর পান, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে থেকে কাঠ কেটে নগরীর চান্দগাঁও বলিরহাট এলাকায় ফার্নিচার তৈরির প্রতিষ্ঠান বিক্রির জন্য আনা হচ্ছে।
এ খবরের ভিত্তিতে তারা ভোর সাড়ে ৬টা থেকে বলিরহাট এলাকায় নজরদারি শুরু করেন। সকাল ১০টা থেকে কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ইউনূসের বাড়ির সামনে একে একে ট্রাক আসতে শুরু করে।
দুপুর ১টার দিকে র্যাবের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউনূস সহ তিনজনকে আটক করলে তারা অবৈধভাবে কাঠ কেটে আনার বিষয়টি স্বীকার করেন।
কাঠ এবং ফার্নিচার ভর্তি ৭টি ট্রাকের মধ্যে ৩টি কাঠের ট্রাক এবং একটি ফার্নিচার বোঝাই ট্রাক সেগুলো খালাস করে চলে যায়। র্যাব সদস্যরা যখন ঘটনাস্থলে যান তখন তিনটি ট্রাক কাঠ খালাসের জন্য অপেক্ষা করছিল। র্যাব সদস্যরা ট্রাক তিনটিও আটক করেছেন।
লে. কমান্ডার নূরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আটক কাঠ এবং ফার্নিচারের দাম প্রায় ৫০ লক্ষ টাকা হবে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। এর সঙ্গে আরও কারা জড়িত আমরা সেটা বের করার চেষ্টা করছি। পরবর্তীতে সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলঅই ০৫, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর