চট্টগ্রাম: বন্দরনগরীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচ জন আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নির্মাণাধীন ভবনে মাটিচাপা পড়ে এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর কালুরঘাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, চেমন আরা (৩৫) ও তার দুই ছেলে সাকিব (১০) ও সাব্বির (৮)। আহত আরও দু`জন হলেন আবুল বাশার (৪৫) ও মো. রুবেল(২৩)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইউসুফ বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচজন আহত হয়।
এদিকে নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ করার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক আহত হয়। আহত শ্রমিক হলেন, হযরত আলী (৩৫)।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৭ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এসজি/টিসি