 |
জুরিখ: ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক ব্রাজিলের জন্য দুঃসংবাদ। বুধবার প্রকাশিত ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে জায়গা হয়নি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং প্রথা শুরুর হওয়ার পর থেকে শীর্ষ দশের বাইরে যায়নি ব্রাজিল। সে হিসেবে খুবই বাজে অবস্থায় কোচ মানো মেনেজেসের দলের। সম্প্রতি প্রতিযোগিতামূলক ফুটবল কম খেলাও এর পেছনে দায়ী।
ব্রাজিলকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপের রানার্সআপ ইতালি। আর বর্তমানে তালিকার ১১তম স্থানে রয়েছে ২০১৪ বিশ্বকাপ আয়োজকরা। সবার আগে বিশ্বচ্যাম্পিয় স্পেন এবং তাদের পরই রয়েছে জার্মানি। এছাড়া উরুগুয়ে (তৃতীয়), ইংল্যান্ড (চতুর্থ), পর্তুগাল (পঞ্চম), ইতালি (ষষ্ঠ), আর্জেন্টিনা (সপ্তম), নেদারল্যান্ডস (অষ্টম), ক্রোয়েশিয়া (নবম) ও ডেনমার্ক (দশম)।
এদিকে দক্ষিণ এশিয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫১। লাল-সবুজদের পর রয়েছে নেপাল (১৫৫), আফগানিস্তান (১৬২), ভারত (১৬৩), মালদ্বীপ (১৬৪), পাকিস্তান (১৮০) ও শ্রীলঙ্কা (১৮১)।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস