৬৫তম কান চলচ্চিত্র উৎসব চলছে। এ উৎসবে যোগ দেওয়া সেলিব্রিটিদের পোশাক আর স্টাইল নিয়ে এখন মুখরিত ওয়ার্ল্ড শোবিজ। সাম্প্রতিক বছরগুলোতে এ আলোচনার শীর্ষে হলিউডের পাশাপাশি বলিউডের সেলিব্রিটিরাও ওঠে আসছেন। বলিউড সেলিব্রিটিদের মধ্যে গত কয়েক বছর ধরে কান উৎসবে ওয়ার্ল্ড মিডিয়ার দৃষ্টি জুড়ে থাকেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন আসছেন কবে, তার পরণে থাকবে কেমন পোশাক? এই কৌতুহল শুধু তার ভক্তদেরই নয় উৎসবে আসার সবার মধ্যেই কম বেশি আছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বলিউড বিউটি ঐশ্বরিয়া ২৪ মে এবারের কান উৎসবে পা রাখছেন। ২৫ মে দিনভর তিনি ভেন্যুতে থাকবেন। সবাই এখন গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, উৎসবের রেড কার্পেটে কি পরছেন ঐশ্বরিয়া!
টানা ১০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটছেন এ বিশ্বসুন্দরী। তবে মা হবার পর রেড কার্পেটে হাঁটার অভিজ্ঞতাটা এবারই প্রথম। কান জুড়ি বোর্ডের প্রথম ভারতীয় সদস্য হিসেবে ও ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে হাঁটার মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করবেন ঐশ্বরিয়া।
১১ বছরের অভিজ্ঞতায় নিজেকে বিশ্বের সামনে কিভাবে তুলে ধরতে হয়, সে বিদ্যাটা তার খুব ভালো করেই আছে। এবারের কান উৎসবের জন্য তিনি বেছে নিয়েছেন ভারতীয় ঐতিহ্যবাহী স্টাইলকে। গাঢ় রংয়ের পোশাক এড়িয়ে হালকা রংকেই এবার বেছে নিয়েছেন তিনি।
কান উৎসবের প্রস্তুতি সম্পর্কিত একাধিক পত্রিকার তথ্যে জানা গেছে, ঐশ্বরিয়া এ বছর উৎসবের একদিন পরবেন হালকা বাদামী রংেয়র চুড়িদার পায়জামার সঙ্গে আনারকলি স্টাইলের লম্বা কুর্তা । অন্যদিন পরবেন ভারতীয় ঐতিহ্যের প্রতীক শাড়ি। অফ হোয়াইট কালারের জমিনে উপর এন্টিক গোল্ডেন জরির এমব্রয়ডারি করা শাড়ি দেখা যাবে তার পরনে। দুটি পোশাকই ডিজাইন করেছেন সন্দীপ খোশলা- আবু জানি।
ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, উৎসবে যোগ দেওয়ার প্রস্তুতির শুরুতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। লম্বা গাউন পোশাক না পরে ভারতীয় পোশাকেই রেড কার্পেটে হাঁটার পরিকল্পনাও তার। সব্যসাচী মুখার্জী, আবু-সন্দীপ ও সাহাদ দুরাজির মত বড় বড় ফ্যাশন ডিজাইনারা তার পোশাক ডিজাইনিংয়ের অফার দিয়েছিলেন। তাদের মধ্যে থেকে ঐশ্বরিয়া বেছে নেন ডিজাইনার আবু-সন্দীপকে।
ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক বা স্টাইলকে বিশ্বের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই সাবেক বিশ্ব সুন্দরীর এই ভাবনা। এর আগেও তিনি ২০০২ সালে হলুদ রংয়ের একটি শাড়ি, গলায় কারুকাজ করা গোল্ডের নেকলেস ও হাতে মোটা বালা পরে উৎসবে উপস্থিত হন।
২০০৩ সালে তিনি সবুজ রংয়ের একটি শাড়ি পরে উৎসবে যোগ দেন। তাকে আবার শাড়িতে কান চলচ্চিত্র উৎসবে দেখা যায় ২০১০ সালে। সে বছর সব্যসাচীর ডিজাইনে ভারী এমব্রয়ডারির শাড়ি আর সঙ্গে কন্ট্রাস্ট করে সিøভলেস ব্লাউজ, কপালে বিনদি ও চোখে কালো ম্যাকআপ নিয়ে কান উৎসবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া।
২০১২ সালে ঐশ্বরিয়াকে ভারতীয় ঐতিহ্যে দেখার অপেক্ষায় আছে এখন সারাবিশ্বে ছড়িয়ে থাকা তার ভক্তরা। স্বামী অভিষেক বচ্চন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় চলতি বছর রেড কার্পেটে ঐশ্বরিয়াকে সঙ্গ দিতে পারছেন না। তবে এবার ঐশ্বারিয়ার সঙ্গে বড় চমক হিসেবে থাকছে বচ্চন পরিবারের নতুন অতিথি আরাধ্য বচ্চন ওরফে বেটি বি। এ উৎসবেই কন্যা সন্তান প্রথম প্রকাশ্যে নিয়ে আসছেন বিশ্বসুন্দরী মা ঐশ্বরিয়া রাই বচ্চন।
বাংলাদেশ সময় ১২৫০, মে ২৪, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।