ঢাকা: ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পেছনে লাগা ছেড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশে’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। একই সঙ্গে ব্যক্তিস্বার্থ ভুলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান জানিয়েছেন তিন।
রোববার বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প মহিলাধারা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বিকল্পধারার মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জান্নাতুল ফেরদৌসী, শিপ্রা রহিম, শাহ আলম, ওয়াসিমুর রহমান, আজিজ আখন্দ, শেখ শহিদুজ্জামান, স্থপতি মাহফুজুর রহমান টিটু, নূর মুহাম্মদ, আব্দুল গফুর প্রমুখ।
গ্রামীণ ব্যাংক নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে হেনস্ত করা হচ্ছে উল্লেখ করে বি. চৌধুুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিস্বার্থ ভুলে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন। আল্লাহর ওয়াস্তে গ্রামীণ ব্যাংক ও ইউনূসের পেছনে লাগা ছেড়ে দিন। এতে দেশও উপকৃত হবে, উপকার হবে ৯৬ লাখ গরীব মানুষের।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার নির্দেশের পরও সাগর-রুনির হত্যার কিনারা হলো না। একজন লোককেও গ্রেফতার করা হয় নাই। এই সরকারের জন্য এটা চরম লজ্জার বিষয়। প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি, সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে তাদের পরিবারে ঈদের আগে একটি সুসংবাদ দিন। বাংলাদেশে হাজার হাজার ঈদ কার্ড না পাঠিয়ে এই দু’টি দু:খী পরিবারকে ‘সান্ত্বনার ঈদ কার্ড’ পাঠান। সাংবাদিক সমাজকে একটি সুন্দর ঈদ উদযাপনের সুযোগ দিন।”
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১২
এমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর