 |
| ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: রাজধানীর মহাখালী কাঁচাবাজার সংলগ্ন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি ফর ভ্যাকসিন (এনসিএল) ভবনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের অধীন এ দুই ভবনের সামনে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিন স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেলেও ৪টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা জানার পরপরই উর্ধতন কর্মকর্তারা ছুটে আসেন। অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।
মহাখালীর ইপিআই ভবনের সামনে পার্কিং করা একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পাশে থাকা আরো ৬/৭টি প্রাইভেট কারসহ ইপিআই ভবন ও তার পাশের নবনির্মিত এনসিএল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, খবর পাওয়ার পরপরই তেজগাঁও, বারিধারা এবং সদর ইউনিটের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা হয়। ইউনিটগুলোর মধ্যে ৪টি ইউনিট প্রায় আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কন্ট্রোল রুম আরো জানায়, ইপিআই ভবনের সামনে রাখা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হলে এর আগুন বিল্ডিংসহ আশেপাশে ছড়িয়ে পড়ে।
ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি ফর ভ্যাকসিনের (এনসিএল) ডেপুটি ডাইরেক্টর প্রফেসর সেলিম বারামি বাংলানিউজকে বলেন, ইপিআই ভবনের সামনে রাখা গাড়ি গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে আগুন তাদের ভবনে ছড়িয়ে পড়ে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এনসিএলের নবনির্মিত এ ভবনটি চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা ছিল। কিন্তু আগুনের কারণে ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভবনে রাখা ভ্যাকসিন পরীক্ষার জন্য আনা দামি দামি মেশিনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ভবনের নিচতলায় নবনির্মিত ল্যাবটি প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্থ হয়েছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে এমন প্রশ্নে তিনি বলেন, এক্ষুণি বলা যাচ্ছে না। এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি।
ইপিআই ভবনের গার্ড মোতালেব বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ তারা শব্দ শুনতে পান। এর পরপরই দেখেন, সেখান থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।
ইপিআই’র লাইন ডাইরেক্টর ডা. সৈয়দ আবু জাফর মো. মুসা সাংবাদিকদের জানান, গাড়ির গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ভ্যাকসিন রাখা অর্ধশতাধিক কোল বক্স নষ্ট হয়েছে। যার প্রতিটির দাম প্রায় ৪২ হাজার টাকা।
এছাড়া ভবনের সামনে থাকা তিনটি গাড়ি ভস্মীভূত হয়েছে। তিনি বলেন, এ ছাড়াও ভবনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
আইএ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com