ঢাকা: প্রিমিয়ার লিগ ফুটবলের দল-বদলের প্রথম দিন বৃহস্পতিবার বাফুফে ছিলো নিরুত্তাপ। আসন্ন ঈদের রেশ পড়েছে ফুটবলাঙ্গনে। এছাড়া শবে কদরের ছুটি থাকায় খেলোয়াড়দের নিবন্ধনে আগ্রহ ছিলো না কোনো ক্লাবেরই।
গত বছরও দল-বদলে একই দৃশ্য ছিলো। শুরুর দিকে তেমন কোন আগ্রহ দেখা যায়নি কোন ক্লাবের মধ্যে। তাছাড়া খেলোয়াড়দের নিশ্চিত করায় অনেক ক্লাবের কাছে দলবদলটা এখন সময়ের ব্যাপার মাত্র। দলবদলের শেষ দিকে বাফুফেতে এসে খেলোয়াড়দের নিবন্ধন ফরম জমা দেয়াকেই অধিকতর শ্রেয় মনে করেন তারা।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পঞ্চম আসরে ১২টি দল অংশ নিলেও এবার দলবদলে ১০টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান লিমিটেড, টিম বিজেএমসি, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, ফেনী সকার ক্লাব ও চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন কক্সসিটি ফুটবল ক্লাব। পুরনো ঢাকার দুই ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ায় তারা খেলবে লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে।
বৃহস্পতিবার একই দিনে চ্যাম্পিয়নশিপ লিগেও সাত দলের দলবদল শুরু হয়। কিন্তু এতে আগ্রহ দেখায়নি উত্তরা বারিধারা স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, বিয়ানী বাজার স্পোর্টিং ক্লাব, অগ্রনী ব্যাংক লিমিটেড এবং ফরাশগঞ্জ ও রহমতগঞ্জের কেউই।
ঈদের আগে দলবদলের জন্য ক্লাবগুলো শনিবার একদিন সময় হাতে পাচ্ছে বলে জানান বাফুফের জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত। এরপর ২৫ আগস্ট ফের দল-বদল শুরু হবে। প্রিমিয়ার লিগে স্থানীয় খেলোয়াড়দের নিবন্ধন চলবে ১৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে বিদেশিদের জন্য দলবদল হচ্ছে ১৬ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপ লিগের দল-বদলের সময় ১৬ আগস্ট থেকে ১০ অক্টোবর।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস