 |
গোপালগঞ্জ: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, এ বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আন্দোলনের নামে গাড়িতে আগুন ও ভাঙচুর করে তারা দেশের সম্পদ নষ্ট করছে। আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের ওপর হামলা করছে।’’
তিনি আরও বলেন, জামায়াতের এসব নৈরাজ্য ও ধ্বংসাত্মক কাজে বিএনপি মদদ দিচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না, যুদ্ধাপরাধীদের বিচার হবেই।”
রোববার দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম বঙ্গরত্ন কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি টিআইবি রিপোর্ট সম্পর্কে মন্ত্রী বলেন, “সম্প্রতি টিআইবি সংসদ সদস্যদের সম্পর্কে যে রিপোর্ট প্রকাশ করেছে তা মিথ্যা। তারা রিপোর্ট তৈরিতে যে পদ্ধতি অনুসরণ করেছে, তা সঠিক না। এ রিপোর্টে দিয়ে দেশের মাটিতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। বিদেশে আমাদের হেয় করা হয়েছে।”
মন্ত্রী বলেন, “আমি আশা করব, টিআইবি যদি দেশ প্রেমিক কোনো সংগঠন হয়, তাহলে এ রিপোর্ট পুন:মূল্যায়ণ ও সঠিক পদ্ধতি অনুসরণ করে রিপোর্ট প্রকাশ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রবিউল আলম সিকদার।
এ সময় অন্যান্যের মধ্যে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার বিপ্লব, কলেজ ছাত্রলীগের সভাপতি নীল রতন বিশ্বাস, সাধারণ সম্পাদক লাকি কাজী, নবাগত শিক্ষার্থী প্রিয়াংকা মণ্ডল, সোহাগ গাজী, লিলি বৈরাগী প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর মন্ত্রী কলেজের মুহাম্মদ ফারুক খান কল্যাণ ট্রাস্ট্রে ১ লাখ টাকা অনুদান এবং ট্রাস্ট্র থেকে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১ শিক্ষার্থী এবং স্নাতকে প্রথম বিভাগে উত্তীর্ণ ১ শিক্ষার্থীসহ মোট ১২ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা করে বৃত্তি দেন।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর