৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:২২ পিএম BDST banglanew24
21 Jul 2012   05:27:44 PM   Saturday BdST
E-mail this

মিশুকের চোখে মিশুককে দেখা


মঞ্জুলী কাজী ও নাঈম সিবাস্টিয়ান মুনীর (সুহৃদ)
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিশুকের চোখে মিশুককে দেখা

ওর ভালো নাম ছিল আশফাক মুনীর। তবে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী ও এদেশের প্রথম যুগের নাট্যশিল্পী লিলি চৌধুরীর দ্বিতীয় ছেলেটি ডাকনামেই বেশি পরিচিত - মিশুক।

বছর ঘুরতে চলল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মিশুক মুনীর। ওর বয়স তখন ৫২ বছরও পূর্ণ হয়নি।

একমাথা সাদা-কালো ঝাঁকড়া চুল -- আইনস্টাইনের সঙ্গে অদ্ভুত একটা মিল, স্নেহ-প্রীতিভর্তি মনখোলা হাসি, মিশুক সবাইকে জড়িয়ে প্রতিমুহূর্তে প্রাণভরে বাঁচত। ওর তীক্ষ্ণ কিন্তু দরদী চোখে ছিল শিশুর কৌতূহল, সবকিছুতে সরস আগ্রহ আর অন্তর-অনুসন্ধান।

ও মানুষকে, জীবনকে, ভালোবেসেছে গভীরভাবে। ও বেঁচেছে, কাজ করেছে, নিজের নিয়মছাড়া নিয়মে; একনিষ্ঠভাবে, ভালোবেসে, গভীর সততায়, মানুষের প্রতি দায়বোধে বিশ্বাস করে।

আলোকচিত্রকর, চলচ্চিত্রগ্রাহক, সাংবাদিকতার শিক্ষক, সম্প্রচার সাংবাদিকতার গুরু, হাতেকলমে ক্যামেরার কাজ শেখানো উদার ওস্তাদ, নতুন প্রযুক্তির ভক্ত, শখের রন্ধনশিল্পী--- মিশুক ছিল নানামুখি প্রতিভাবান। আমাদের বড় প্রিয় মানুষ। স্নেহের আশ্রয়, কৌতুকপ্রিয় প্রাণময় এক বিরাট উপস্থিতি।

তিনটি টিভি চ্যানেলের সংবাদ কার্যক্রম গড়ে তোলায়, তার একটি উত্তর আমেরিকায়, মিশুকের পরিকল্পনা ও কাজের কথা সহকর্মীরা হয়ত মনে রাখবেন। ও গড়ে তুলেছে জাতীয় জাদুঘরের দৃশ্যশ্রাব্য (অডিওভিস্যুয়াল) শাখাটি। গড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আলোকচিত্র-সাংবাদিকতা, ভিডিও-সাংবাদিকতা আর কম্পিউটার ব্যবহার করে প্রকাশনার প্রকল্পটি।  

পাশাপাশি দেশে ও বিদেশে তথ্যচিত্র, বিকল্প ধারার কাহিনিচিত্র, টেলিছবি-নাটক, পাপেটছবি, বিভিন্ন আন্তর্জাতিক টিভির সংবাদকাহিনির জন্য ক্যামেরার পেছনে মিশুকের কাজ চলেছে। নিজেকে ও ‘ক্যামেরাম্যান’ হিসেবেই পরিচয় করাতো।

ও বড় হয়েছে ছবি তুলতে তুলতে Ñ বিশাল বৃত্তের আত্মীয়-বন্ধুদের, অপরাজেয় বাংলা ভাস্কর্য নির্মাণের, এস এম সুলতানসহ শিল্পী-সুহৃদদের, বিশ্ববিদ্যালয়ের সংগ্রামমুখর ক্যাম্পাসের...

কৈশোর থেকে বিচিত্রগতি কৌতূহল ওর জীবনকে নিয়ে গেছে বিচিত্র পথে, বিচিত্র জীবনের কাছে। স্থিরছবি অথবা চলচ্ছবি, ক্যামেরার পেছনে ওর চোখ জীবনের গল্প খুঁজেছে নিরন্তর। কিন্তু কাজের স্বীকৃতির ব্যাপারে ও ছিল মোহশূন্য উদাসীন।

কয়েক মাস ধরে ওর কানাডাপ্রবাসী স্ত্রী মঞ্জুলী কাজী একমাত্র সন্তান সুহৃদের সাহায্যে মিশুকের তোলা কয়েক হাজার স্থিরচিত্রের ছাতাপড়া ফিল্ম স্ক্যান করেছে। ঢাকায় সেগুলোকে ঠিকঠাক করেছে মিশুকের বন্ধু আলী মোরশেদ নোটন। গোছানো হয়েছে ওর তোলা চলচ্ছবি-চলচ্চিত্র, ওর নানা সময়ের ছবি, ওর বই, চশমা, ক্যামেরা, হাতা-খুন্তি...

আরও অনেক সময় দরকার ছিল, কিন্তু মন চাইছে এখনই আমাদের মিশুককে সবার কাছে তুলে ধরতে চেষ্টা করি।  

শিল্পী সুলতানকে নিয়ে প্রামাণ্যচিত্র `আদম সুরত` দিয়ে সম্মিলিত যাত্রা শুরু করেছিল চলচ্চিত্রগ্রাহক মিশুক ও চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ জুটি। প্রতিভা বিকাশের পরিণতির পর্বে নির্মম দুর্ঘটনা ছেদ টানল দু`জনেরই জীবনের। একইসঙ্গে নিহত হন তাঁদের সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন এবং গাড়িচালক মো. মুস্তাফিজুর রহমান।

আদম সুরত-এর ইংরেজি নাম `দি ইনার স্ট্রেংথ`- অন্তরশক্তি। শব্দগুলো বার বার মনে আসে। মনের মধ্যে মিশুকের আসা আর যাওয়া মিলেমিশে এক হয়ে যায়। ও চিরকাল জীবনের। এ প্রদর্শনী সেই জীবন আর জীবনদেখাকে তুলে ধরার ছোট্ট এক চেষ্টা।

মিশুক মুনীর, ২৪ সেপ্টেম্বর ১৯৫৯- ১৩ আগস্ট ২০১১

১৯৭৭ - ১৯৮২: স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯৭৮ - ১৯৭৯: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য `অপরাজেয় বাংলা` নির্মাণকালে আলোকচিত্র গ্রহণ।
১৯৮২: শিল্পী এস এম সুলতানের কাজ ও জীবনের ওপর তথ্যচিত্র `আদম সুরত` দিয়ে চলচ্চিত্রগ্রাহকের কাজ শুরু; তথ্যচিত্র, বিকল্প ধারার চলচ্চিত্র, টেলিছবি, টিভি নাটক, পাপেটছবির জন্য কাজ চলমান।
১৯৮২ - ১৯৮৯: জাতীয় যাদুঘরের দৃশ্যশ্রাব্য (অডিওভিস্যুয়াল) শাখা পরিকল্পনা ও গড়ে তোলা।
১৯৮৯: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা শুরু; পরবর্তী প্রায় দশ বছর ধরে বিভাগের আলোকচিত্র-সাংবাদিকতা, ভিডিও-সাংবাদিকতা ও কম্পিউটার-ভিত্তিক প্রকাশনার ‘মিডিয়া সেন্টার’ প্রকল্পটি পরিকল্পনা ও গড়ে তোলা।
১৯৯২: বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস টিভি (তখনকার নাম) ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য ফ্রিল্যান্স চিত্রগ্রাহকের কাজ শুরু।
১৯৯৯: শিক্ষকতা ছেড়ে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশন-এর সূচনালগ্নে এর সংবাদ-কার্যক্রমের পরিচালক হওয়া।
২০০১: কানাডায় অভিবাসন। টরন্টোয় ফ্রিল্যান্স চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু।
২০০৩ - ২০০৫: ডিসকভারি  চ্যানেলের জন্য ‘সিচ্যুয়েশন ক্রিটিকাল’ নামের ধারাবাহিক অনুষ্ঠানের চিত্রগ্রাহকের কাজ করা।
২০০৪ - ২০১০: কানাডা ও যুক্তরাষ্ট্রে অনলাইন টেলিভিশন মাধ্যম দ্য রিয়্যাল নিউজ নেটওয়ার্কÑএর সংবাদ কার্যক্রমের পরিচালক হিসেবে এটি গড়ে তোলার প্রক্রিয়ায় যুক্ত হওয়া।
২০১০ (নভেম্বর): টিভি চ্যানেল এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী ও সম্পাদক হয়ে দেশে ফেরা।

পুরস্কার, সম্মাননা, প্রদর্শনী, চলচ্চিত্র

১৯৮৬: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র `ঢাকা টোকাই` জার্মানির উবারহাউজেন আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়; মিশুক ছিলেন এর চলচ্চিত্রগ্রাহক ও নির্মাতাদলের সদস্য।
২০০২: `মুক্তির কথা` বুয়েনোস আইরেস-এ তিন-মহাদেশীয় চলচ্চিত্র উৎসবে সেরা কাহিনি-তথ্যচিত্র (ন্যারেটিভ ডকুমেন্টারি) হিসেবে পুরস্কার পায়; মিশুক ছিলেন এর মুখ্য চলচ্চিত্রগ্রাহক।
২০০৩: `রিটার্ন টু কান্দাহার` ছবিটি সেরা সামাজিক/রাজনৈতিক তথ্যচিত্র হিসেবে ‘কানাডার এমি’ বলে খ্যাত জেমিনি পুরস্কার পায়; মিশুক এর শব্দগ্রাহক ছিলেন এবং সেরা শব্দের জন্য মনোনয়ন পান; তিনি এ ছবির দ্বিতীয় চলচ্চিত্রগ্রাহকও ছিলেন।
২০১০: `রানওয়ে` বছরের সেরা চলচ্চিত্র হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পায়। মিশুক ছিলেন এর চলচ্চিত্রগ্রাহক।
২০১২: সাংবাদিকতার ক্ষেত্রে একুশে পদক (মরণোত্তর) পান টিভিমাধ্যমে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে।

১৯৮৬ ও ১৯৮৮: দুটি আলোকচিত্র প্রদর্শনী, ঢাকায়।

যেসব ছবিতে চলচ্চিত্রগ্রাহকের কাজ করেছেন সেসবের মধ্যে রয়েছে আদম সুরত (১৯৮২ Ñ ১৯৮৯), চাক্কি (১৯৮৪), ঢাকা টোকাই (১৯৮৫), কৃষ্ণনগরে একদিন (১৯৯৩) ঢাকা রিকশা (১৯৮৫), সোনারগাঁর কথা (১৯৯৮), ওয়ার ক্রাইমস ফাইল (১৯৯৫), মুক্তির কথা (১৯৯৯), কানসাটের পথে (২০০৮), নরসুন্দর (২০০৯), রানওয়ে (২০১০), অন্য চোখে বাংলাদেশ (অসমাপ্ত) ও কাগজের ফুল (পরিকল্পিত)।

মা: লিলি চৌধুরী; বাবা: শহীদ অধ্যাপক মুনীর চৌধুরী; ভাই: আহমেদ মুনীর ও আসিফ মুনীর; স্ত্রী: মঞ্জুলী কাজী; একমাত্র সন্তান: নাঈম সিবাস্টিয়ান মুনীর (সুহৃদ)

বাংলাদেশ সময় ১৭১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমএমকে /সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান