 |
ঝিনাইদহ: হরতালে পিকেটিং করার সময় মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের বাইপাস সড়কে শিবির ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-ছাত্রলীগ কর্মী রহমান, শিবির কর্মী আলী আজম আকাশ, জসিম উদ্দীন ও সম্রাট। এর মধ্যে শিবির কর্মী সম্রাটকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, হরতালের সময় সম্ভব্য নাশকতার আশঙ্কায় ঝিনাইদহ ও মহেশপুর থেকে ৫ জামায়াত কর্মীকে পুলিশ আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন-আব্দুল হালিম, তরিকুল, গিয়াস উদ্দীন, আহম্মদ আলী ও সবেদ আলী।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধূরী বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের বাইপাস মোড়ে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে কমবেশি উভয়দলের কর্মী আহত হন।
তিনি আরও জানান, শহরে পুলিশের কড়া টহল থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শহরের আরাপপুর, হামদহ, বাইপাস এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা ও শহরের পোষ্ট অফিস মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে রায় ঘোষণার পর উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি ঝিনাইদহ শহরের চিত্র পাল্টে যায়।
এর আগে হরতালের সমর্থনে ঝিনাইদহ শহরের নতুন হাট এলাকায় ইসলামী ছাত্রশিবির সকালে লাঠি মিছিল বের করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবির শহর শাখার সভাপতি ইবনুল পারভেজ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com