ঢাকা: চীনের সিচুয়ান প্রদেশ সরকার ইলেকট্রনিক পণ্য তৈরি পোশাক ও জুতাসহ বিভিন্ন শিল্প বাংলাদেশে স্থানান্তর করতে চায়।
এছাড়াও বাংলাদেশের বিদ্যুৎ ও ইলেকট্রিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী ওই প্রদেশের ব্যবসায়ীরা। এ ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক সাড়া প্রত্যাশা করা হয়েছে।
চীনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের এসব কথা জানান।
সিচুয়ান প্রদেশ সরকারের ভাইস-গভর্নর গ্যান লিনের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল এ মুহূর্তে বাংলাদেশ সফর করছেন।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সচিবালয়ের তার দপ্তরে দেখা করে এসব প্রস্তাব দেন গ্যান লিন।
সাক্ষাতের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নানামুখি প্রস্তাব দেওয়া হয়। এসব বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দলকেও সিচুয়ান প্রদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। সেখানকার বাণিজ্য প্রদর্শণীতে অংশ নেওয়ার জন্যও প্রস্তাব দেওয়া হয়।
এ প্রসঙ্গে গোলাম কাদের বলেন, ওই প্রদেশটির বর্তমান আমদানি-রপ্তানির পরিমাণ বাংলাদেশের আমদানির ও রপ্তানির চেয়ে বেশি। তারা চীনের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ করতে পারে বলে মন্ত্রী জানান।
এ মুহূর্তে ওই প্রদেশে বড় বড় শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ জন্য তারা সেখানে গড়ে ওঠা ইলেকট্রনিক পণ্য, পোশাক ও জুতা শিল্পগুলো বিভিন্ন দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে বাংলাদেশে এসব শিল্প স্থানান্তরে তাদের আগ্রহ আছে। তাদের প্রস্তাবগুলো আমরা বিবেচনা করে দেখবো বলে জানান গোলাম কাদের।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএমএ/সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর