 |
চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ রানী আকতার (৩৮) নামের এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির জন্য প্রস্তুত করা ১৪শ‘ পুরিয়া হোরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রানী বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার বাদশা মিয়া কলোনীর মো. জানে আলমের স্ত্রী। তার গ্রামের বাড়ি কুমিল্লায় বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই হেরোইন সম্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়।’
নুরুল আবছার বলেন, ‘এ সময় বাস্তুহারা এলাকার শতাধিক মাদকসেবী ও বিক্রেতা মহিলা-পুরুষ পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।’
তিনি জানান, রানী আক্তারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। অনেকবার গ্রেফতার হওয়ার পরও জামিনে বের হয়ে নানা পরিচয়ে ফের মাদক ব্যবসা শুরু করে। স্থানীয়ভাবে সে হেরোইন সম্রাজ্ঞী নামে পরিচিত।’
এএসআই আবু তাহের বাদী হয়ে মাদক আইনে একটি মামলা (নম্বর-১২) করা হয়েছেন বলে জানিয়েছেন ওসি নুরুল আবছার।
বাংলাদেশ সময় : ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমবিএম/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর kumar.sarkerbd@gmail.com