 |
ঢাকা: ভর্তি পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে ইউনুস আলী বলেন, “৪০ বছর ধরে একটি নিয়ম চলে আসছে। অথচ হঠাৎ করে সরকার জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে।”
এ সময় আদালত বলেন, “সরকারের সিদ্ধান্ত কোথায়?
এসময় ইউনুস আলী একটি জাতীয় পত্রিকার প্রতিবেদন দেখান। আদালত বলেন, “পত্রিকা দিয়ে তো হবে না।”
ইউনুস আলী বলেন, “সারা দেশে ১০টি বোর্ডে ১০ ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। এ কারণে ভর্তি পরীক্ষা না নেওয়া হলে বৈষম্য হবে।” এরপর আদালত রুল জারি করেন।
তবে ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করার আরজি জানালেও আদালত তা গ্রহণ করেনি।
সোমবার বিকালে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।
প্রসঙ্গত, রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন-সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে আবেদনের জন্য ওই দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ থাকতে হবে। জিপিএ-৭ পাওয়া বিদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com