গোপালগঞ্জ: গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে আব্দুল হান্নান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরীরা সন্ধ্যার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।
আব্দুল হান্নান নিলফামারীর ডোমার থানার বোড়াশী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
তিনি গোপালগঞ্জের মধুমতি নদীর উপর নির্মাণাধীন চাপাইল ব্রিজে শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক নুর নবী বাংলানিউজকে জানান, শনিবার বেলা ১১টার দিকে আব্দুল হান্নান খেয়া নৌকা থেকে নির্মাণাধীন চাপাইল ব্রিজের বার্জে (প্লাটুন) উঠার জন্য নদীতে ঝাঁপ দেয়।
কিছু সময় সাঁতার কাটার পর সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে দুপুর ১ টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরীরা এসে সন্ধ্যার দিকে হান্নানের মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, নিহত আব্দুল হান্নান মধুমতি নদীর উপর নির্মাণাধীন চাপাইল ব্রিজে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ওটিবিএল জেভি নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করছে।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে এসেছে।
আগামীকাল রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর