দুই বছর পর আবারও নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবী। প্রখ্যাত সংগীত পরিচালক ফরিদ আহমেদের সুর ও সংগীতায়োজনে ‘আমাদের সংসারে কতো রঙিন স্বপ্ন ওড়ে, গড়ে ওঠে কখনো রূপকথার গল্প’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
১৭ সেপ্টেম্বর ফরিদ আহমেদের নিজস্ব স্টুডিও ‘রেশ’- এ গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। মঈন খান রুপি রচিত ও নির্দেশিত ১০৪ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘জীবনের রঙ’- এর সূচনা সংগীত হিসেবে গানটির ব্যবহার করা হবে। গানটির কথা লিখেছেন হৃদয়।
ফরিদ আহমেদের সুর ও সংগীতায়োজনে আবারও সূচনা সংগীতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে ফাহমিদা নবী বাংলানিউজকে বলেন, “আমার কণ্ঠ দেওয়া সূচনা সংগীত নিয়ে বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। প্রতিটি গানে কণ্ঠ দেয়ার আগে মানসিকভাবে এক ধরনের প্রস্তুতি থাকে আমার। তবে সূচনা সংগীতে কণ্ঠ দেয়ার ক্ষেত্রে প্রস্তুতিটা বেশি থাকে। ফরিদ ভাই সব সময়ই সুর সৃষ্টির ক্ষেত্রে অনন্য। এই গানের সুরটিও অনেক চমৎকার। অনেকদিন পর গানটি গাইতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।”
সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, “ফাহমিদা আপার গায়কী মাথায় রেখেই সুর করেছি। অনেক চমৎকার গেয়েছেন তিনি। নিজে তৃপ্ত না হওয়া পর্যন্ত তিনি গানটি রেকর্ডিংয়ে যথেষ্ট সময় দিয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।”
এর আগে ২০১০ সালের প্রায় শেষের দিকে ফরিদ আহমেদের সুরে মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মেঘের আড়ালে’ ধারাবাহিক নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী।
‘জীবনের রঙ’ ধারাবাহিক নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে। ক্যানভাস টেলিমিডিয়া প্রযোজিত নাটকটিতে অভিনয় করছেন হিল্লোল, নাদিয়া, সমু চৌধুরী, হোমায়রা হিমু, শারমিন শিলা, জ্যোতিকা জ্যোতি, ডলি জহুর, রাশেদা কে চৌধুরী, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
উল্লেখ্য, ফাহমিদা নবী প্রথম প্লে-ব্যাক করেন ‘দূরদেশ’ ছবিতে। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রে প্রায় কুড়িটি গান গেয়েছেন। ২০১১ সালে জি-সিরিজের ব্যানারে সেলিম আল দীন স্মরণে তার সর্বশেষ অ্যালবাম ‘আকাশ সমুদ্র অপার’ বাজারে আসে। এছাড়া গত ঈদে প্রিন্স মাহমুদের সুরে মিক্সড অ্যালবাম ‘অপরাজিতা’ য় বাপ্পা মজুমদারের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর