ঢাকা: ইয়েমেনে সম্প্রতি অপহরণের শিকার এক ইতালীয় নিরাপত্তা কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। ওই নিরাপত্তাকর্মী ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ইতালীয় দূতাবাসে কর্মরত ছিলেন। গত রোববার একদল বন্দুকধারী তাকে তুলে নিয়ে যায়।
আলেসানদ্রো স্পাদোত্তো নামের ওই ইতালিয়ান নিরাপত্তা কর্মীকে মারিব প্রদেশের গভর্নরের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। অপহরণের পর এ প্রদেশেই আটকে রাখা হয় তাকে।
২৯ বছর বয়সী ওই নিরাপত্তাকর্মীকে দূতাবাসের নিকটবর্তী স্থান থেকে অপহরণ করা হয়েছিলো।
বিদেশী নাগরিকদের অপহরণ ইয়েমেনে নিত্য নৈমত্তিক একটি ঘটনা। সাধারণত সরকারের সঙ্গে মধ্যস্থতার কৌশল হিসেবেই বন্দি করা হয় বিদেশী নাগরিকদের।
সংশ্লিষ্ট উপজাতি গোত্র প্রধানদের মধ্যস্থতায় ওই ইতালিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অপহরণকারীরা আল জালাল গোত্রের। কর্তৃপক্ষ অপহরণকারীদের কিছু দাবি মেনে নিলে অপহৃতকে ছেড়ে দিতে সম্মত হয় তারা।
ইয়েমেনে গত কয়েক বছরে শতাধিক বিদেশী নাগরিক অপহরণের শিকার হয়। এসব অপহরণের ঘটনার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই উপজাতীয় যোদ্ধা গোষ্ঠী এবং সশস্ত্র ইসলামপন্থীরা যুক্ত।
সম্প্রতি রেড ক্রসে কর্মরত এক ফরাসি সাহায্যকর্মীকে অনুরুপভাবে অপহরণের পর ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর