পটুয়াখালী: পটুয়াখালীতে ৬ হাজার টাকার জালনোটসহ সুমন সন্যামত (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
সুমন বাকেরগঞ্জ জেলার ভাতশালা গ্রামের আজিজ সন্যামতের ছেলে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকা থেকে সুমনকে আটক করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ডিএডি ইব্রাহিম মোল্লার নেতৃত্বে গোয়েন্দা দলের সদস্যরা জালনোটসহ সুমনকে আটক করে।
এসময় সুমনের কাছে থেকে ১ হাজার টাকার ১টি জালনোট উদ্ধার করা হয়। পরে সুমনের দেওয়া তথ্যানুযায়ী তার নিকটাত্মীয় শহরের টাউন কালিকাপুর এলাকার মুক্তিযোদ্ধা সড়কের আবদুর রহমান মৃধার বাসা থেকে আরও ৫ হাজার টাকার জালনোট উদ্ধার করে র্যাব।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
প্রতিবেদন: জাকারিয়া হৃদয়
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর