চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের মাছের আড়তে টেকনাফ থেকে আনা ফরমালিনযুক্ত ২ হাজার কেজি লইট্টা মাছ জব্দের পর ধ্বংস করেছে মৎস্য বিভাগ। এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মৎস্য সংরক্ষণ আইন ও মাছে ফরমালিন মেশানো রোধে পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।
কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে অংশ নেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা আহসানুল কবির, মো. কামাল উদ্দিন চৌধুরী ও মঞ্জুরুল আলম।
মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, টেকনাফ থেকে ট্রাকযোগে ফরমালিনযুক্ত এসব লইট্টা মাছ ফিশারিঘাটের মাছের আড়তে আনা হয়েছিল। ট্রাক থেকে নামানোর সময় মাছগুলো জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব মাছ ধ্বংস করে ফেলা হয়।
মৎস্য সংরক্ষণ আইন ও মাছে ফরমালিন মেশানো রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এআরএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর