গাজীপুর: গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিগারেটের আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে পুড়ে গেছে ছয়টি ভাঙ্গারি দোকান ও বেশ কয়েকটি গাছ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এতে ভাঙ্গারির ছয়টি দোকান ও দোকান সংলগ্ন ৩০টি আবাসিক ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সাতটি বড় আম-কাঁঠালের গাছ পুড়ে যায়।
বাড়ির মালিক বেলায়েত হোসেন বলেন, ‘‘আমার দোকানের সামনে বসে বাবর ও তোফাজ্জল সিগারেট জ্বালিয়ে গ্যাস সিলিন্ডারের (কর্ক) খুলছিলেন। এসময় হঠাৎ আগুন ধরে যায় এবং বিকট শব্দ হয়ে আগুন দোকানে ছড়িয়ে পড়ে।’’
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহম্মেদ বাংলানিউজকে জানান, ওই এলাকায় পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে একটু সময় বেশি লেগেছে।
বাংলাদেম সময়: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
রিপন আনসারী/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com