ঢালিউডের নতুন প্রজন্মে নায়ক নিরব এবার নতুন জুটি গড়ে তুলছেন লাক্স সুন্দরী মেহজাবিনের সঙ্গে। নিরব ও মেহজাবিনকে নিয়ে ‘লালটিপ’ খ্যাত পরিচালক স্বপন আহমেদ নির্মাণ করতে যাচ্ছেন সাইন্স ফিকশন ছবি ‘পরবাসিনী’।
এশিয়ান টিভির প্রযোজনায় পরিচালক স্বপন আহমেদ এরই মধ্যে ‘পরবাসিনী’ ছবির শুটিং শুরু করেছেন। সম্প্রতি সিলেটের লাউয়াছড়া বনে এ ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করে ঢাকায় ফিরেছেন তিনি। এই দৃশ্যগুলোতে সহ-অভিনেতাদের সঙ্গে অভিনয়ে অংশ নিয়েছেন নিরব।
প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবির নায়িকা লাক্স সুন্দরী মেহজাবিন ও ছবিটির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আগামী সপ্তাহে রাঙ্গামাটি শুটিং যাচ্ছেন স্বপন আহমেদ।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘লালটিপ’ বানিয়ে পরিচালক স্বপন আহমেদ বেশ আলোচিত হয়েছেন। ‘পরবাসিনী’ ছবিটিও বেশ আলোচিত হবে বলে মনে করছেন তিনি।
বাংলাদেশ সময় ০১৫৫, জুন ১৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক