ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত আরডি ফুড কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। এখন থেকে ‘এন’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
২০ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যদি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেয় তবে সে কোম্পানি ‘এ’ ক্যাটাগরিভুক্ত হবে। আর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলে সে কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরিভুক্ত হয়ে যাবে। তাই আরডি ফুড কোম্পানি ‘এ’ ক্যাটাগরিভুক্ত হয়েছে।
ওয়েবসাইটে সব ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংককে কোম্পানির ‘এ’ ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসে এ কোম্পানির কোনো শেয়ারহোল্ডারকে ঋণ সুবিধা না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, আরডি ফুড কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির নিট আয় ৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ দশমিক ২৬ টাকা।
শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ২৮ দশমিক ৮৬ টাকা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ দশমিক ৯০ টাকা।
বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর