 |
ঢাকা: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলোয়াওকি শহরতলীতে শিখ ধর্মাবলম্বীদের প্রার্থনাগৃহ গুরুদুয়ারায় এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ আরো চার জন।
পুলিশের ধারণা, হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, শহরতলীর ওক ক্রিক এলাকার ওই গুরুদুয়ারায় রোববার সকালে শিখ ধর্মাবলম্বীরা প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। এমন সময় একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।
পার্শ্ববর্তী গ্রিনফিল্ড অঞ্চলের পুলিশ ব্র্যাডলি ওয়েন্টল্যান্ড জানিয়েছেন, কর্তৃপক্ষ মন্দিরের ভেতর থেকে চারটি এবং বাইরে আরো দু’টি মৃতদেহ উদ্ধার করেছে।
তবে হামলাকারীকে এখনো সনাক্ত করা যায়নি।
যুক্তরাষ্ট্রের শিখ অধিবাসীরা এ ঘটনায় দারুণভাবে শঙ্কিত হয়ে পড়েছেন। তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শিখ সম্প্রদায়ের অনেকে এ ঘটনার সঙ্গে ৯/১১ এর ঘটনার যোগ সূত্র খোঁজার চেষ্টা করছেন। তারা বলছেন, টুইনটাওয়ার হামলার পর তারা এমন একটি হামলার ভয়ে ছিলেন।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিলোয়াওকির নিকটে একজনকে আটক করেছে। ওই সন্দেহভাজনের বাড়ি তল্লাশি করেছে পুলিশ।
এফবিআই এবং বোম্ব স্কোয়াড এখন সন্দেহভাজনের বাড়ি ঘিরে রেখেছে। আশপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে পুলিশ অভ্যন্তরীণ সন্ত্রাস বলে উল্লেখ করেছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর