 |
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): সাবেক পাটমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ বলেছেন, মিথ্যাবাদী এ সরকারকে জনগণ বিশ্বাস করে না। ঈদের পর পরই দুর্নীতিবাজ ও জালেম সরকার আওয়ামী লীগকে গদি ছাড়তে হবে।
সোমবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব ম্যাক্স মিলনায়তনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সারাদেশে। সারাদেশে খুন, গুম, বেড়ে গেছে। দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। পদ্মা সেতু নিয়ে এ সরকার বড় ধরনের দুর্নীতি করেছে। ঈদের পর পরই দুর্নীতিবাজ ও জালেম সরকার আওয়ামী লীগকে গদি ছাড়তে হবে।
তিনি বলেন, সরকার নির্বাচনের আগে কথা দিয়েছিল, ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। কিন্তু, সরকারের মন্ত্রী, এমপিরাই দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। দেশের মানুষ মিথ্যাবাদী এ জালেম সরকারকে আর বিশ্বাস করে না।
উপজেলা বিএনপি আয়োজিত এ স্মরণসভায় তিনি বলেন, আব্দুল মতিন চৌধুরী শুধু রূপগঞ্জ নয়, সারাদেশের নেতা ছিলেন। তিনি খুব সৎ, নিষ্ঠাবান ও সহজ-সরল মানুষ ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।
নারায়নগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহসভাপতি সামসুজ্জামান ভূঁইয়া, মাহামুদুল হাসান খোকা, বাশিরউদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট গোলজার হোসেন, চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, আশরাফুল হক রিপন, যুবদল নেতা সানাউল্লা ভূঁইয়া, নুরুন্নবী ভূঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, বাবুল সিকদার, আলমগীর হোসেন টিটু, রিটন প্রধান ও কবির হোসেন প্রমুখ।
স্মরণসভা শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর