 |
ঢাকা: টিকিট শেষ হয়ে যাওয়ার পরও অনেক ইভেন্টে স্টেডিয়ামের সিট খালি কেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লন্ডন অলিম্পিকের আয়োজক কমিটি।
প্রতিযোগিতার শুরুর দিনে অনেকগুলো ক্রীড়া ইভেন্টের ভেন্যুতেই দর্শক উপস্থিতি ছিলো নগন্য, যা ক্ষোভের সৃষ্টি করেছে যুক্তরাজ্যের ক্রীড়ানুরাগী মহলে। শত চেষ্টার পরও টিকেট সংগ্রহ করতে না পারা হাজারও ক্রীড়ানুরাগীর হতাশা ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। অন্যদিকে আয়োজক কমিটিও এ ঘটনায় অস্বস্তির মধ্যে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।
এ ব্যাপারে লন্ডন অলিম্পিকের আয়োজক “লন্ডন অরগানাইজিং কমিটি অব দি অলিম্পিক অ্যান্ড প্যারালাম্পিক গেমস” (সংক্ষেপে লোকোগ)কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ভেন্যুতে আসন খালি যাওয়ার ব্যাপারে তারা অবগত। এ সমস্ত আসনের দর্শকরা কেন বা কি কারণে মাঠে উপস্থিত হয়নি তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানানো হয় তাদের পক্ষে।
তবে সংবাদমাধ্যম জানায় গেমসের বিভিন্ন কর্পোরেট স্পন্সর, গেমস সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভিআইপিদের জন্য অনেক টিকিট বরাদ্দ করে আয়োজক কমিটি। মূলত এসব টিকিটের দর্শকরাই মাঠে আসার গরজ অনুভব করেননি বলে খবর বেরিয়েছে। এসব ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট মহলে। সরকারি মহলেও ঘটনাটি বেশ তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই সাধারণ দর্শকদের বঞ্চিত করে অলিম্পিকের টিকিট করপোরেট প্রতিষ্ঠান এবং ভিআইপিদের মধ্যে বন্টন করায় লোকোগের সমালোচনা করেন।
পাশাপাশি ভেন্যুগুলোতে ঢোকার সময় প্রবেশ পথে অহেতুক কালক্ষেপণও ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। ভেন্যুর প্রবেশপথে দর্শকদের লম্বা লাইন এবং পরিবহণ ব্যবস্থার ত্রটির কারণে সঠিক সময়ে অনেক দর্শকই মাঠে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ভুক্তভোগী অনেক দর্শকই এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
সার্বিকভাবে সুন্দর একটি উদ্বোধনী অনুষ্ঠান উপহার দেওয়ার পর এসব ঘটনায় বেশ বিব্রত সংশ্লিষ্ট মহল।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর