ঢাকা: রিও কনফারেন্সের ভাইস চেয়ার মনোনীত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিতব্য রিও+২০ সম্মেলনে সদস্য দেশসমূহের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
এশিয়া অঞ্চল থেকে ৫টি দেশকে এ সম্মেলনের ভাইস চেয়ার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে— কাজাকস্তান, তাজিকিস্তান, জাপান ও নেপাল।
পরিবেশ ও বন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে এ তথ্য দিয়েছে।
এ বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এ মনোনয়ন বাংলাদেশের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের সমর্থনের প্রতীক। এ মনোনয়নের মাধ্যমে বিশ্ব জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের দায়িত্ব আরো বেড়ে গেল। চলমান রিও কনফারেন্সে বাংলাদেশ বিশ্বের টেকসই উন্নয়ন প্রশ্নেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পেলো।’
মনোনয়ন প্রদানের সময় ডায়লগে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশেকে মনোনয়নের বিষয়ে সদস্য দেশসমূহ স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন ব্যক্ত করে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২০, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর