 |
| ছবি: নাজমুল হাসান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নুহাশপল্লী থেকে ফিরে: শাল-গাজারি বন ঘেরা নয়নাভিরাম গ্রাম পিরুজালীতে নিজের গড়া নুহাশপল্লীতেই মঙ্গলবার দুপুরে শেষ ঠাঁই নিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল হুমায়ূন আহমেদ। শহর থেকে দূরে কোলাহলমুক্ত নিভৃতপল্লী হলেও স্থানটি ঘিরে রয়েছে ঐতিহাসিক নানা উপাখ্যানও।
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঐতিহাসিক গ্রাম পিরুজালীর উত্তর অংশেই এখন থেকে হাজার বছর আগে গড়ে উঠেছিল ‘‘কুকাফ নগর’’। প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রবাহ লবলং বা লবনদহ তীরে(লবনদহ বলতে অত্যন্ত গভীর)গড়ে ওঠা এই নগরেই একসময় ইরান, জাভা, ইন্দানেশিয়া, শ্রীলঙ্কা, বার্মা ইত্যাদি স্থান থেকে বড় বড় জাহাজ নিয়ে সওদাগরেরা বাণিজ্য করতে আসতো। পিরুজালী গ্রামের উত্তর-পূর্ব অংশে ঐতিহাসিক সেই কুকাফ নগরীর মাঠ এখনো বিদ্যমান, যেটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সমাধিস্থল থেকে মাত্র দেড়-দু’ কিলোমিটার পূর্বদিকে।
ঐতিহাসিক এমন এক স্থানে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল হুমায়ূন আহমেদকে সমাধিস্থ করায় সন্তোষ প্রকাশ করে মঙ্গলবার বাংলানিউজকে এসব তথ্য জানান ইতিহাসবিদ, গবেষক ও গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক ড. ফরিদ আহম্মদ।
ঢাকার ইতিহাস গ্রন্থ, সোনাভানের পুঁথিসহ আঞ্চলিক বিভিন্ন উপকথার উদ্ধৃতি দিয়ে ফরিদ আহম্মদ জানান, ‘‘জনশ্রুতি রয়েছে হাজার বছর আগে প্রচুর ধণ-সম্পদ নিয়ে বিদেশি বণিকরা কুকাফ নগরের কাছে এলে জলদস্যুরা আক্রমণ চালায়। ধণ-সম্পদ রক্ষায় অগত্যা বণিকরা কুকাফ নগরের কাছে লবনদহে বেশ কয়েকটি জাহাজ ঢুবিয়ে দেয়। পরবর্তী সময়ে ওই নগরীটি বড় ধরণের ভূমিকম্পে মাটির নীচে তলিয়ে যায়। পিরুজালীর পার্শ্ববর্তী ইন্দ্রাকপুর এলাকায় এখনো প্রত্ন-তাত্নিক নিদর্শন মাটি খুঁড়লেই পাওয়া যায়।’’
“৮শ’ সাল থেকে ১৬শ’ সাল পর্যন্ত এসব ঐতিহাসিক উপাখ্যান সৃষ্টি হয়। যার ব্যাপ্তি পাল আমল থেকে সুলতান আমল হয়ে মুগল আমল পর্যন্ত বিরাজমান ছিল” যোগ করেন ড. ফরিদ আহম্মদ।
তিনি আরও বলেন, ‘‘হুমায়ূন আহমেদকে পিরুজালীর শ্যামল অঙ্গনে সমাহিত করায় ব্যক্তিগত ভাবে আমি গর্বিত। তাঁর(হুমায়ূন আহমেদ) শ্রেষ্ঠ অনেক রচনাই নুহাশপল্লীতে বসে লেখা, সেক্ষেত্রে অনেক গর্বের অংশিদার আমরাও। সত্যিকার অর্থেই গাজীপুরবাসী আজ গর্বিত। আমার দাবি, নুহাশপল্লীকে শান্তিনিকেতনের মতো কোন বড় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক। রবীন্দ্রনাথের যেমন শিলাইদহ, হুমায়ূনের তেমনি পিরুজালী।’’
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর