ঢাকা: মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাজীবীদের সংজ্ঞা সুনির্দিষ্ট করে ‘মানসিক স্বাস্থ্য আইনে’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষা- সমন্বিত পদক্ষেপ’ র্শীষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ (ডিইসিপি) যৌথভাবে এ সভার আয়োজন করে।
বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।
সভায় এ সেবার সঙ্গে জড়িতদের স্বচ্ছতা, নৈতিকতা ও বিশেষায়িত প্রশিক্ষণের মান বাড়াতে মানসিক স্বাস্থ্য সেবাপ্রদানকারী পেশাজীবীদের একটি অ্যাসোসিয়েশন গঠনের সিন্ধান্ত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন, সাইকোসোশ্যাল কাউন্সেলিং প্রোগ্রাম এবং সাপোর্ট সার্ভিস অ্যান্ড হাফওয়ে হোম আইন ও আসকের সিনিয়র ডেপুটি ডিরেক্টর রওশন জাহান পারভীন।
মতবিনিময় সভায় আসক এবং ডিইসিপির সচেতনতা, সেবা এবং অ্যাডভোকেসি ও নেটওয়ার্ক সংক্রান্ত কার্যক্রম উপস্থিত পেশাজীবীদের সামনে উপস্থাপন করা হয়।
অধ্যাপক শাহীন ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আসকের অ্যাডভাইজার এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান নাসিমা আকতার।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এনএম/আরআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর